দেশে করোনায় নতুন আক্রান্ত ৪১ জন, মৃত্যু ৫
উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৪:১০
নভেল করোনাভাইরাসে দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। এই সংখ্যা আগের দিন সোমবার ছিল ৩৫ এবং তার আগের দিন অর্থাৎ রবিবার ছিল ১৮। অপরদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত ১৬৪ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের আইইডিসিআর পরিচালক ডা. সাব্রিনা ফ্লোরা জানিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন। তিনি বলেন, নতুন শনাক্তের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। আর মৃত্যু ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ২০ জন রয়েছেন। ঢাকার বাইরে নারায়ণগঞ্জকে আমরা ক্লাস্টার হিসেবে চিহ্নিত করেছি। নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ১৫ জনই নারায়ণগঞ্জের। তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের ভেতরে ৪ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ৯ জন, ৫০ থেকে ৬০ জন ৭ জন এবং ৬০ এর বেশি বয়সের রয়েছেন ৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকার, ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লা, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামের একজন করে রয়েছেন। মারা যাওয়া পাঁচ জনের মধ্যে পুরুষ চার ও নারী একজন। মৃতদের মধ্যে ৬০ এর বেশি বছরের দুইজন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে একজন রয়েছেন। মৃতদের দুইজন ঢাকার, তিনজন বিভিন্ন জেলার।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

