বঙ্গবন্ধুর পলাতক খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেপ্তার
উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৩:০০
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃতুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হলে বিচারক এএম জুলফিকার হায়াত শুনানি শেষে খুনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই বিষয়টি নিশ্চত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে আমরা গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে তাকে আদালতে পাঠনো হয়েছে।’
আবদুল মাজেদকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আসামি মাজেদকে ধানমন্ডি থানার ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারার (সন্দেহ মূলক) মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনসহ কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টার পরে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে আসামি মাজেদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) রাতে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে বঙ্গবন্ধুর খুনি ও বিদেশে পলাতক থাকা আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারের আগে মাজেদ কোথায় ছিলেন- তা পুলিশের জানা ছিল না। তবে করোনা পরিস্থিতিতে তাকে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। এ খবর পেয়ে মিরপুর সাড়ে ১১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদ পলাতক ছিলেন। পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন মাজেদ ছিলেন অন্যতম। তার গ্রামের বাড়ি ভোলায়।
সরকারি সংবাদ সংস্থা বাসস বলছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই বিষয়টি নিশ্চত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে আমরা গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে তাকে আদালতে পাঠনো হয়েছে।’

