নতুন আইজিপি বেনজীর, র্যাব ডিজি মামুন
উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১৪:০০
গুঞ্জনই সত্য হলো। শেষ পর্যন্ত বেনজীর আহমেদকেই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। আর প্রায় সাড়ে ৪ বছর এলিট ফোর্স র্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীরের পদে নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেনজীর ও মামুন নতুন এই পদে যে আসতে যাচ্ছেন- এমন গুঞ্জন বেশ কদিন ধরেই ছিল। কিছু কিছু গণমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আগাম সংবাদও দিয়ে ছিলেন। শেষ পর্যন্ত সেটিই সত্য প্রমাণিত হয়েছে এই নিয়োগের মাধ্যমে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার (৮ এপ্রিল) নতুন নিয়োগের এই আদেশ জারি করে।
আদেশে বলা হয়, নতুন আইজিপি ও র্যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।
বর্তমান আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন বেনজীর আহমেদ। আর বর্তমান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত আবদুল্লাহ আল মামুন।

