পবিত্র শবেবরাতে ঘরে থেকে ইবাদতের আহবান
উত্তরদক্ষিণ ০৮ এপ্রিল ২০২০ । ২২ঃ৩৩
পবিত্র শবে বরাত উপলক্ষে ইবাদতের পাশাপাশি জরোনা মিয়ামারির কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান আল্লাহ’র নিকট প্রার্থণা করার আহবান জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে তারা বলেন, আসুন শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ঘরে বসে ইবাদত ও প্রার্থণা করার জন্য তারা বিশেষভাবে আহবান জানিয়েছেন
পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত ও কল্যাণ বয়ে আনুকঃ রাষ্ট্রপতি
শবে বরাতের প্রাক্কালে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবিলা করি। পবিত্র শবেবরাতের রাতে আমরা নিজ নিজ ঘরে বসে আল্লাহর ইবাদত করি। প্রার্থনা করি পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন।’
রাষ্ট্রপতি বলেন, ‘পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনী। এ উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ।’
তিনি বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্য রজনী হিসেবে পালিত হয়। মানবজাতিকে এই পবিত্র রজনী আল্লাহ্ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়।

মো. আবদুল হামিদ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনীতে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যমন্ডিত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের উপর বর্ষিত হোক।
রাষ্ট্রপতি সারাবিশ্ব এখন নভেল করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও এই ভাইরাসের আক্রমণের শিকার। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ইতোমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ কামনা করি। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন।
মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাতের মাহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র শবেবরাত উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’
তিনি বলেন, ‘রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক- এ প্রার্থনা করি। মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।’

