২০ লাখ টাকার তহবিল সাকিব ফাউন্ডেশনের
উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১১.১০
প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণে অসহায় হয়ে পড়েছে সবাই। এরমধ্যে বেশি সমস্যায় পড়েছেন দেশের নিম্নআয়ের মানুষ। উপার্যনের পথ বন্ধ হয়ে পড়েছে। তবে বিত্তশালীরা যেভাবে পারছেন সহায়তার হাত প্রসারিত করছেন। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সহায়তা করছেন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেট-ফুটবল ও অন্যান্য ক্রীড়াঙ্গনের তারকারাও এগিয়ে এসেছেন মানবতার কল্যাণে। অসহায়দের জন্য এগিয়ে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা করার ঘোষণা দিয়েছেন তিনি।
ইতোমধ্যে দুই হাজার পরিবারকে খাদ্য সামগ্রী, করোনাভাইরাস নির্ণয়ের টেস্টিং কিট কেনার জন্য ২০ লাখ টাকা সংগ্রহ হয়েছে। গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সাকিব জানান, সাকিব ফাউন্ডেশনে আরও ২০ লাখ টাকা সংগ্রহ হয়েছে। এই অর্থ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিতদের সহযোগিতায়।
একটি ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমি অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মিশন সেভ বাংলাদেশ বিশ (২০) লক্ষ টাকার আরও একটি ফান্ড গঠন করেছে। এই প্রাপ্ত অর্থ দিয়ে গরীব-দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। আমি আশা করব, আপনারাও যে যার জায়গা থেকে এভাবে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে এসে দাঁড়াবেন।’

