২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি

২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১৫.৩০

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাধারণ ছুটি আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ২৪ ও ২৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। ফলে অফিস খুলতে পারে আগামী ২৬ এপ্রিল। এ রকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যদিও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তবে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এ তথ্য উত্তরদক্ষিণকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী মানবতার নেত্রী। তিনি মানুষকে ডেকে এনে বিপদে ফেলবেন না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ছুটি বাড়ানো ছাড়া উপায় নেই। এরকম সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।’ অপরদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও কৃষিকমন্ত্রী ড. আবদুর রাজ্জাক শুক্রবার দুপুর আড়াইটার দিকে বলেছেন, সাধারণ ছুটি ২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় ছুটি অবশ্যই বাড়ানোর পক্ষে মত দেন তারা। ছুটি বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রস্তাবও দেওয়া হয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সর্বশেষ শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৭। এখন পর্যন্ত সারাদেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪২৪ জন। এর মধ্যে ঢাকা শহরেই আছে সবচেয়ে বেশি ২৩৩ জন করোনা রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading