গার্মেন্টস ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ, ২৭৮ কারখানায় বেতন পরিশোধ

গার্মেন্টস ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ, ২৭৮ কারখানায় বেতন পরিশোধ

উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১৮.২০

সরকার সাধারণ ছুটি বৃদ্ধির পর এবার তৈরি পোশাক খাতেও ছুটি বৃদ্ধি করা হলো। সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বিজিএমএইএ ও বিকেএমইএ’র সদস্যভুক্ত তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার (১০ এপ্রিল) সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। অপরদিকে, এদিন বিজিএমইএ’র তালিকাভুক্ত ২৭৮টি কারখানার শ্রমিকদের গত মাসের বেতন ভাতা পরিশোধ করার হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনও প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ) এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

অপরদিকে, শুক্রবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে জা‌নানো হয়েছে করোনাভাইরাসের কারণে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের হাতে মার্চ মাসের বেতন তুলে দিয়েছেন ২৭৮টি কারখানার মালিক।

আগামী ১২ এপ্রিল বিজিএমইএ’র শীর্ষ নেতাদের কারখানাগুলোর শ্রমিকদের বেতন হওয়ার কথা রয়েছে। আর আগামী ১৬ এপ্রিলের মধ্যে সবাই যেন বেতন পেতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজিএমইএ এবং বিকেএমইএ।

জানা গেছে, জরুরি পণ্য, মাস্ক ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) করোনা প্রতিরোধের সামগ্রী তৈরি করতে বৃহস্পতিবার পর্যন্ত (৯ এপ্রিল) ২৬টি পোশাক কারখানা খোলা ছিল। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় ৬টি কারখানা খোলা ছিল। গাজীপুরে ১৩টি এবং চট্টগ্রামে খোলা ছিল ৭টি কারখানা। তবে ক‌রোনার কার‌ণে লকডাউন থাকায় বুধবারের মতো বৃহস্পতিবার কোনও কারখানা খোলা রাখা হয়নি নারায়ণগঞ্জে।

এর আগে গত ৬ এপ্রিল পোশাক মালিকদের বড় দু‌টি সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এক যৌথ বিবৃতিতে জানায়, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দে‌শের সব পোশাক কারখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাক‌বে। এছাড়া শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের ম‌ধ্যে পরিশোধ কর‌তে হ‌বে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading