রাজধানীতে ভোক্তা অধিকারের ‘সচেতনতামূলক’ অভিযান
উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১৬:১৮
হিল্লোল বাউলিয়া: রাজধানীতে শনিবার (১১ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। নভেল করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব নিশ্চিত, টিসিবির পণ্য বিক্রয় মনিটরিং এবং অতিরিক্ত মূল্য আদায় রোধে এই সচেতনতামূলক অভিযান পারিচালনা করায়।
ভোক্তা অধিকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন উত্তরদক্ষিণকে জানান, এ মুহূর্তে আমরা ভোক্তাদের করোনা সংক্রমণ রোধে সচেতনতাকে বেশি গুরুত্ব দিচ্ছি। সেই সঙ্গে যাতে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে সেটিও মনিটরিং করছি। পাশাপাশি কেউ যাতে অতিরিক্ত পণ্য ক্রয় করে বাজারে সংকট সৃষ্টি করতে না পারে সেটি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে।
এদিন একজন সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে কারওয়ান বাজারের জাকির এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। যদিও শেষ পর্যন্ত দোকানিকে দণ্ড দেয়া হয়নি। তবে দোকানিদের সতর্ক করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকারের এই উপপরিচালক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকারের মহাপরিচালকের নির্দেশনায়, পরিচালক (প্রশাসন) তত্ত্বাবধানে ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে ঢাকা মহানগরের নিউমার্কেট বাজার, পলাশী বাজার, হাতিরপুল বাজার, লালবাগ বাজার, ইসলাম বাগ বাজার, সোয়ারীঘাট বাজার, বাবুবাজার, নয়া বাজার, কাওরান বাজার, রামপুরা বাজার, উত্তর বাড্ডা বাজার, মধ্য বাড্ডা বাজারে ‘তদারকিমূলক’ অভিযান পরিচালিত হয়।
এ সময় নিত্য প্রয়োজনীয় মোড়কবিহীন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়। এছাড়াও মহানগরের তিনটি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। কেউ যাতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করে তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক করা হয়েছে অভিযানকালে।

