‘সংক্ষিপ্ত’ সংসদ অধিবেশনে সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ
উত্তরদক্ষিণ ১৪ এপ্রিল ২০২০ । ১৭:১৫
করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংসদ বিটে কর্মরত সব মিডিয়ার সাংবাদিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, একাদশ জাতীয় সংসদের সপ্তম(২০২০ সালের ২য়) অধিবেশন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় আহ্বান করা হয়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে সবার জীবনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে। এ প্রেক্ষাপটে সব সাংবাদিক ভাইদের সরাসরি সংসদে না এসে স্ব-স্ব স্থানে অবস্থান করে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কাভার করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।’
উত্তরদক্ষিণ/বাসস

