ডা. মঈনের পরিবারের দায়িত্ব নেবে সরকার
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১৭:২০
রোগীর প্রাণ রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে নভেল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। তার পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। পাশাপাশি সবাই তার পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে অনলাইন ব্রিফিংয়ে ডা. মঈনের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্বাস্থ্যের ডিজি ডা. আবুল কালাম আজাদ।
অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে ডা. মঈনের মৃত্যু প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা তার পরিবারের পাশে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং চিকিৎসকের পরিবারের পাশে থাকার কথা বলেছেন। ডা. মঈনের সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাদের সবার জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, সকালে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে আমি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ছুঁটে যাই। সেখানে কিছুক্ষণ অবস্থান করি এবং ডা. মঈনের স্ত্রীর সঙ্গে কথা বলি। আমি আমাদের সবার পক্ষ থেকে তাকে সমবেদনা জানাই। ডা. মঈন দুই সন্তান রেখে গেছেন। প্রধানমন্ত্রীকে আমরা বিষয়টি জানানোর পর তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং একইসঙ্গে আশ্বস্ত করেন যে, মরহুমের পরিবারের সব দায় দায়িত্ব সরকার নেবে।
প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে যে বীমা এবং অন্যান্য সুবিধা ঘোষণা করেছেন, মরহুমের পরিবার যেন দ্রুত সেটা পায়, সেই বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, বাংলাদেশ সরকার সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর পাশে আছে। তাদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে। এই বিষয়ে আরও সুরক্ষা ব্যবস্থা যা দরকার সরকার তা গ্রহণ করবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের প্রতি জোর দেন স্বাস্থ্যের ডিজি।

