করোনায় ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ ১৫ এপ্রিল ২০২০ । ১২:১০
দেশে প্রথমবারের মতো একজন চিকিৎসকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিনি হচ্ছেন ডা. মঈন উদ্দিন (৪৬)। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত চিকিৎসকসহ অন্তত ৫৪ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে। তবে এই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো। এর আগে একজন স্বাস্থ্য সহকারীর মৃত্যুর খবর আসে বিভিন্ন গণমাধ্যমে।
সংশ্লিষ্ট সূত্র জনায়, বুধবার (১৫ এপ্রিল) সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হাসপাতালটি উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি (সিলেটের চিকিৎসক) আমাদের এখানে এসেছিলেন। গত তিনদিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রেসপিরেটরি ফেইলিওরের কারণে আজ (১৫ এপ্রিল) তার মৃত্যু হয়।

এর আগে, ওসমানী মেডিকেলের ওই চিকিৎসকের নভেল করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয় গত ৫ এপ্রিল। এরপর থেকে তিনি সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকায় নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৭ এপ্রিল রাতে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে ওই হাসপাতালেই কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। পরদিন বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

