ব্যাংকক থেকে ফিরেছেন ৪৮ বাংলাদেশি
উত্তরদক্ষিণ ১৭ এপ্রিল ২০২০ । ১৮:৪০
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংককে চিকিৎসা করাতে গিয়ে এবং পর্যটক হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী ও একজন বাংলাদেশির মৃতদেহ নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ( জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দু’টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় পরিচালনা করবে ইউএস বাংলা। দু’টি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং কলকাতা থেকে সকাল সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সই একমাত্র সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তথ্য সহায়তায় বাংলাট্রিবিউন।

