বারডেমের ডাক্তার করোনায় আক্রান্ত, ২৭ জন কোয়ারেন্টিনে
উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১২:৩৩
রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) নিউরোসার্জারি বিভাগের একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এরপর রবিবার (১৯ এপ্রিল) রাতে অর্গান ট্রান্সপ্ল্যান্ট ইউনিট সাময়িক লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে ১৪ দিনের জন্য বন্ধ হয়ে গেলো এই হাসপাতালের ভাসকুলার ও নিউরোসার্জারি বিভাগ। এছাড়াও ভাসকুলার সার্জারি, নিউরোসার্জারি, অ্যানেস্থেসিয়ার ১৭ জন চিকিৎসক এবং ১০ থেকে ১২ নার্স কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সূত্র জানিয়েছে, আক্রান্ত চিকিৎসক নিউরোসার্জারি বিভাগের হলেও ভাসকুলার বিভাগ ও নিউরোসার্জারি বিভাগর চিকিৎসকরা একই অপারেশন থিয়েটার, একই চেঞ্জরুম ব্যবহার করেন। ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, নিউরোসার্জারি বিভাগের আক্রান্ত চিকিৎসক গত ১৪ এপ্রিল ২৪ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ১৫ এপ্রিল তিনি অসুস্থ হয়ে যান এবং সেদিন ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসকদের কন্টাক্টেও গিয়েছিলেন তিনি। রবিবার বিকালে তার রিপোর্ট পাওয়া গেছে, সেখানে করোনা পজিটিভ এসেছে। সোমবার আরও দুজন চিকিৎসকের পরীক্ষা করার কথা রয়েছে।
চিকিৎসকসহ দেড়শ’ স্বাস্থ্যকর্মী আক্রান্ত
এর আগে দেশে ৬৭ জন চিকিৎসক, ৫২ নার্সসহ আক্রান্ত প্রায় দেড়শ’ স্বাস্থ্যকর্মীর
করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এতে চিকিৎসা সেবায় জড়িত অন্য স্বাস্থ্যকর্মীরাও ঝুঁকিতে রয়েছেন। সংশ্লিষ্ট সবার দাবি, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চি করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ লাখের বেশি পিপিই এরই মধ্যে দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। তবে এর ব্যবহার সঠিকভাবে এবং প্রকৃত পক্ষে যারা করোনা রোগীদের চিকিৎসায় জড়িত, তাদের জন্যই ব্যবহার হওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

