ডিএমপিতে করোনার থাবা: আক্রান্ত ৭৩, উপসর্গ নিয়ে মৃত্যু ১
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৬:০০
নভেল করোনাভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছেন সব শ্রেণি পেশার মানুষ। সাধারণ নাগরিকের পাশাপাশি চিকিৎসক, নার্স, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী- সবাই সংক্রমিত হচ্ছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পুলিশের অন্তত ৭৩ জন আক্রান্ত হয়েছেন কভিড-১৯ রোগে। মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। তিনি রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আক্রান্ত ৭৩ জনের মধ্যে
১জন এডিসি, ৩জন এসআই, ১জন সার্জেন্ট, ৫জন এএসআই, ৩ জন সাধারণ সদস্য ও অন্যরা কনস্টেবল। বেশির ভাগ আক্রান্ত পুলিশ সদস্যই পুরোনো দাঙ্গা দমন বিভাগ, যা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগ নামে পরিচিত। ওই বিভাগের উত্তর শাখার ১৪ জন সদস্য আক্রান্ত হয়েছেন। পিওএম পূর্ব শাখায় আক্রান্ত ৬ জন। এরপর রয়েছে পুলিশের কল্যাণ ও ফোর্স বিভাগ। সে বিভাগের ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিম ট্রাফিক বিভাগেও ৯ জন আক্রান্ত। মহানগর পুলিশের ৮টি অপরাধ বিভাগ ছাড়াও পরিবহন, প্রটেকশন, উন্নয়ন, গোয়েন্দা, স্পেশাল অ্যাকশন গ্রুপসহ ২১টি বিভাগের সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডিএমপি’র যে সদস্যরা আক্রান্ত হয়েছেন, তারা সবাই বাইরে দায়িত্ব পালনে গিয়েছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশপ্রধান শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, অসাবধানতাবশত মানুষের কাছাকাছি চলে যাওয়ায় তারা সংক্রমিত হয়েছেন হয়তো। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজারবাগে কোয়ারেনটাইনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু
এদিকে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কোয়ারেনটাইনে থাকা এক পুলিশ সদস্য মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পুলিশ লাইন্সের হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। সোমবার (২০ এপ্রিল) ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাশি থাকায় কয়েকদিন আগে কোয়ারেনটাইনে নেওয়া হয় ওই কনস্টেবলকে। তবে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। মৃত পুলিশ কনস্টেবলের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়।
করোনা চিকিৎসায় পুলিশ লাইনসে ১০০ বেড
করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ডেমরার অস্থায়ী পুলিশ লাইনসে ১০০টি বেড ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রাজারবাগ মেহমানখানা এবং মিরপুর মেহমানখানায়ও কোয়ারেন্টিন ও আইসোলেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

