ধান কাটতে ২ লাখ ৬১ হাজার শ্রমিক নিয়োজিত: কৃষিমন্ত্রী
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৮:৪৫
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, চলতি বোরো মৌসুমে হাওর এলাকায় ধান কাটার জন্য ২ লাখ ৬১ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন। তিনি বলেন, ‘এ পর্যন্ত হাওর এলাকায় ২ লাখ ৬১ হাজার শ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত আছেন। ফলে আশা করা যায়, আগাম বন্যা বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে হাওরের কৃষকরা সময়মতো সুষ্ঠুভাবে ধান ঘরে তুলতে পারবেন।’
মঙ্গলবার (২১ এপ্রিল) নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের হাওরে বোরো ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, মানু মজুমদার এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: নাসিরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো.আব্দুল মুঈদ উপস্থিত ছিলেন।

