কড়া সমালোচকদেরও রেশনকার্ডে অন্তর্ভুক্ত করা হবে : তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৮:৪৫
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনও সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবি হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন ৫০ লাখ রেশনকার্ডে তার নামও অন্তর্ভুক্ত হবে। তথ্যমন্ত্রী বলেন, সরকার গত কয়েক বছর ধরে ৫০ লাখ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুনভাবে যে ৫০ লাখ রেশনকার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে।
তিনি বলেন, এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এ ধরনের কার্ড করার সময় কোনও দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যার প্রয়োজন তাকেই অন্তর্ভুক্ত করতে হবে দলমত নির্বিশেষে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। সেভাবেই তালিকা করতে হবে। কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সদরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের সাথে কোভিট-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি স্থানীয় প্রশাসনের সাথেও এসব বিষয়ে মতবিনিময় করেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আসলাম খাঁন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার, দলের চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতারা বক্তব্য রাখেন।

