ঢাকায় ১২ কারারক্ষী করোনা আক্রান্ত, বন্দীরা ঝুঁকিতে
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৪:১৫
ঢাকায় ১২ জন কারারক্ষীর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান। যেসব হাসপাতালে বন্দীরা চিকিৎসাধীন থাকেন, সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে রক্ষীরা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এতে কারাগারে সব বন্দীরাই করোনা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারের কোয়ার্টারে প্রায় দুইশ কারারক্ষী থাকেন। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে কারাবন্দিরা ভর্তি হলে সেখানে পালা করে দায়িত্ব পালন করেন এখানকার কারারক্ষীরা। ডিউটি করতে গিয়ে এ পর্যন্ত ১২ জন রক্ষী আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে। তিনি আরও বলেন, তাদের মধ্যে নয়জন মুগদা, দুইজন কেরানীগঞ্জ বিশ শয্যা হাসপাতালে ও একজন মিরপুর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সবার অবস্থাই ভালো জানিয়ে জেলার মাহবুব বলেন, এখন পর্যন্ত কেরানীগঞ্জ কারাগারের কোনো বন্দী করোনায়ভাইরাসে আক্রান্ত হয়নি।

