বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে কম: ট্রাম্প
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৩:৩৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা উল্লেখ করেছেন। ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ এপ্রিল আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে তারা বাংলাদেশের খুব প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে সেটকে উদাহরণযোগ্য হিসেবে উল্লেখ করেছে। কোভিড-১৯ মোকাবিলায় একসঙ্গে কাজ করার কথাও বলেছেন পম্পেও।
এছাড়া চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে বলা হয়েছে, এ সংকট মোকাবিলায় আমেরিকা ৬৮ কোটি ডলার দিয়েছে এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ২৭ এপ্রিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীকে ওই চিঠি হস্তান্তর করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

