করোনায় প্রথম সাংবাদিক খোকনের মৃত্যু, পরিবার আইসোলেশনে
উত্তরদক্ষিণ ২৯ এপ্রিল ২০২০ । ১৫:৪৭
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছেন।
ঢাকার উত্তরার ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর সিটি এডিটর খোকনের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তখনই চিকিৎসকরা তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন।
বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বলেন, আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।
হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ রাজধানীর উত্তরায় থাকতেন। তাদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে জানিয়ে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শিবলী বলেন, আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবিব রহমান জানান, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়।
হাবিব বলেন, খোকন ভাইয়ের মৃতদেহ ইতোমধ্যে মুরাদনগরে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দাফন হবে। তার মৃত্যুতে সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৫ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু ও ৪ জন সুস্থ হয়েছেন। অন্যেরা চিকিৎসাধীন আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

