সাড়ে ৩ কোটি মানুষ ত্রাণ পেয়েছে
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৬:৪০
করোনাভাইরাস সংকটের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। ৬৪ জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চাল বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৭ মেট্টিক টন এবং বিতরণ করা হয়েছে ৮৮ হাজার ৫৮৩ মেট্টিক টন। বিতরণকৃত চালে উপকারভোগী পরিবার সংখ্যা ৭৮ লাখ ৩৭ হাজার ৭৩৫টি এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৭২ জন।
এই মহামারীর মধ্যে ৫৯ কোটি ৬৫ লাখ নগদ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৮ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা, এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪৪ লাখ ৭৮ হাজারটি এবং উপকারভোগী লোক সংখ্যা দুই কোটি ২৮ লাখ ৮০ হাজার জন। এছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে ১০ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৭ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আড়াই লাখ এবং উপকারভোগী লোক সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার ২২৮ জন।

