স্বাস্থ্যসেবার উন্নয়নে ১০ কোটি ডলার দিচ্ছে এডিবি
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৯:১৫
নভেল করোনাভাইরাস মহামারীর মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের জরুরি চাহিদা পূরণে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ঋণ অনুমোদন করা হয় বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘কোভিড-১৯ জরুরি সহায়তা প্রকল্পের’ আওতায় বাংলাদেশে জরুরিভিত্তিতে ভাইরাসের নমুনা পরীক্ষার সরঞ্জাম সংগ্রহ, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, মহামারীতে দ্রুত সাড়া দেওয়া, প্রতিরোধ ও নজরদারির সক্ষমতা বাড়ানোর কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক সাফল্যের পথে কোভিড-১৯ মহামারী যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন এডিবি পাশে এসে দাঁড়িয়েছে। এই প্রকল্প জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহ, রোগ নির্ণয় ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলার শক্তি অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন এবং সিসিইউ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে ১৯টি পরীক্ষাগারের মানোন্নয়ন করা হবে।
কোভিড-১৯ মোকাবেলায় ৫০ শতাংশ নারীসহ সাড়ে তিনহাজার স্বাস্থ্যকর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও টেকনিক্যাল স্টাফদের সহযোগিতাও দেওয়া হবে প্রকল্প থেকে।

