করোনা পরীক্ষায় সরকারের সক্ষমতা বেড়েছে: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৫:৩১
নভেল করোনাভাইরাসের সংকট মোকাবিলায় দেশের জনগণকে সাহস রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের পরীক্ষায় সরকারের সক্ষমতা বেড়েছে। শুক্রবার (১ মে) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে; একথা যেমন সত্য। তেমনি আমাদের লড়াই-সংগ্রাম করে বেঁচে থাকার ঐতিহ্যও আছে। আছে অভিজ্ঞতা। সাহস হারানোর কোনো কারণ নেই। এই সংকটে আমাদের রয়েছে শেখ হাসিনার মতো সাহসী, সৎ নেতৃত্ব। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সীমাবদ্ধতা অতিক্রম করে যাচ্ছি, টেস্টিং ক্যাপাসিটি বাড়ছে। বেসরকারি হাসপাতাল সম্পৃক্ত করা হচ্ছে। এখন ২৯টি সেন্টার থেকে করোনা টেস্ট করা হবে।
মহান মে দিবস উপলক্ষে এসময় দলের পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

