করোনা’র উৎপত্তি চীনের গবেষণাগারই, ‘বিশ্বাস’ ট্রাম্পের
উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৪:৫০
করোনাভাইরাসের উৎপত্তি সম্পর্কে নিজের দেশের গোয়েন্দা সংস্থার মতের বিরুদ্ধে মতামত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে, করোনাভাইরাস যে চীনা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, এ বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী।
এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জানিয়েছিলেন যে, তারা এখনো ভাইরাসের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা তদন্ত করছেন। তবে গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছিল যে, ভাইরাসটি ‘মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত’ নয় বলে তারা নিশ্চিত হতে পেরেছে।
ভাইরাসটি ল্যাবে তৈরি হয়েছে- এমন অভিযোগ অস্বীকার করেছে চীনও। পাশাপাশি তারা কোভিড-১৯ নিয়ে আমেরিকা যেই প্রতিক্রিয়া প্রকাশ করেছে, তার সমালোচনা করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন?
বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, এখন পর্যন্ত আপনি কি এমন কিছু দেখতে পারছেন যা থেকে দৃঢ়ভাবে মনে হয় যে, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাসের উৎপত্তি? জবাবে ট্রাম্প বলেন, হ্যা, আমি দেখেছি। নির্দিষ্ট করে কিছু না জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লজ্জিত হওয়া উচিত। কারণ তারা চীনের গণযোগাযোগ সংস্থার মতো ভূমিকা পালন করেছে।
পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যখন নিজের মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়, তখন তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত বলার অনুমতি নেই আমার। সাংবাদিকদের তিনি আরো বলেন, তারা (চীন) ভুল করেছে, নাকি এটি ভুল করে শুরু হয়ে যাওয়ার পর তারা ভুল পদক্ষেপ নিয়েছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেছে, তা আমরা জানি না। সূত্র: নিউইয়র্ক টাইমস ও বিবিসি।

