আরও ৩ ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি
উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ২২:৩১
দেশে আরও দুটি হাসপাতালসহ তিনটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নতুন করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম। এই তিনটিসহ মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে শুক্রবার (১ মে) জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা।

