৯১তম জন্মবার্ষিকীতে শহীদ জননী’র সমাধিতে শ্রদ্ধা
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১১:২৫
শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। মহীয়সী এই নারীর ৯১তম জন্মবার্ষিকীতে রবিবার (৩ মে) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির সহপ্রচার সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রুবেল নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী। রুবেল বলেন, করোনাভাইরাসের মহামারীর কারণে সামাজিক দূরত্বের বিধি মেনে বেশি জমায়েত না করে তারা জনাদশেক নেতাকর্মী শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় শহীদ জননীর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত স্কাইপের মাধ্যমে ‘অনলাইন সম্মেলন’ করা হবে বলে নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ‘করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় নির্মূল কমিটির চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মসূচি’ নিয়ে সম্মেলনে কেন্দ্রীয় নেতা, দেশে ও বিদেশে সব শাখার নেতাকর্মীরা যুক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধ্য অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংগ্রামে নিয়োজিত রয়েছে। নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে প্রথম অধিবেশনে চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব ও দ্বিতীয় অধিবেশনে এই কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া প্রধান বক্তা থাকবেন।
লেখিকা জাহানারা ইমাম (ডাক নাম জুডু) ১৯২৯ সালের ৩ মে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা সৈয়দা হামিদা বেগম। প্রথম জীবনে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকলেও স্বাধীনতার পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেন তিনি।
গত শতকের নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণআদালতের প্রধান উদ্যোক্তা জাহানারা ইমাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার একটি হাসপাতালে মারা যান।
জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা। তথ্য সহায়তা বিডিনিউজ।

