সাংবাদিক কাজলকে বেনাপোল সীমান্তে আটক
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১২:২৫
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর প্রায় দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল সীমান্তে। বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান জানান, শনিবার (২ মে) গভীর রাতে বিজিবি রঘুনাথপুর সীমান্ত থেকে এ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জানা যায়, ওই ব্যক্তি ঢাকা থেকে নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা করেছে। আমরা তাকে আজ (রবিবার) কোর্টে পাঠাব।
এদিকে কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী জানান, শনিবার রাত পৌনে ৩টার দিকে বেনাপোল থানা থেকে একজন পুলিশ কর্মকর্তা ফোন করে তাকে স্বামীর সঙ্গে তাদের কথা বলিয়ে দেন। আমার ছেলেকে ও ফোনে বলেছে, ‘আব্বু আমি বেঁচে আছি, তোমরা সবাই আমাকে নিতে আস’।

তাদের ছেলে মনোরম পলক রবিবার সকালে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান জুলিয়া।
কাজলের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মামুন খান বলেন, তাকে আমরা এখনও জিজ্ঞাসাবাদ করিনি। এটা বিজিবি বলতে পারবে। যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে ইন্ডিয়া থেকে প্রবেশের সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: বিডিনিউজ।

