প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকের মধ্যে মুক্তি পাচ্ছেন ৫৫৫ বন্দি
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৩:০৫
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের এক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেয়া হয়েছিল প্রায় মাস খানেক আগে। আইনি প্রক্রিয়া শেষে সেই মুক্তি কার্যক্রম শুরু হয়েছে শনিবার (২ মে)। প্রথমদিন ১৭০ জনকে মুক্তি দেয়া হয়। দ্বিতীয় ধাপে আজ রবিবার (৩ মে) ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। বাকিদের পরবর্তীতে দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩ থেকে ৬ মাস সাজা খাটা ৩৮৫ জন বন্দিকে রবিবারই মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে। কারা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানান। অপরদিকে, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন গণমাধ্যমকে বলেছেন, বরিবারের (৩ মে) মধ্যে ৩৮৫ জন বন্দি মুক্তি পাচ্ছেন। তিনি জানান, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে জানিয়েছে।
৬ মাস থেকে ১ বছর সাজাভোগকারী, ৩ মাস ৬ মাস সাজাভোগকারী এবং ৩ মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা তিন ধাপে মহামারীর কারণে মুক্তি পাচ্ছেন। সেই হিসেবে শনিবার প্রথম ধাপে ৬ মাস থেকে ১ বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়। রবিবারসহ দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি। আর শূন্য থেকে ৩ মাস কারাভোকারী বাকি ২ হাজার ৩২৯ বন্দির মুক্তির বিষয়ে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে খুব শিগগিরই তারাও মুক্তি পাবেন বলে জানান কর্নেল আবরার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী এসব বন্দিদের মুক্তির সময় জরিমানার অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা বলেন, তৃতীয় ধাপে যারা মুক্তি পাবেন, এরা খুবই সামান্য অপরাধের দায়ে কারাবন্দি। কারও কারও বিচার শুরু হয়নি। তথ্য সহায়তা বিডিনিউজ।

