গার্মেন্টসকর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টিন রাখার নির্দেশনা
উত্তরদক্ষিণ রবিবার ০৩ মে ২০২০। ১৯:৪৫
করোনাভাইরাস পরিস্থিতিতে পোশাক কারখানায় কর্মরত গার্মেন্টসকর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টিন ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনায় শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনও শ্রমিক আক্রান্ত হলে তাকে যেন কোনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য শিল্প মালিকদের আলাদা কোয়ারেন্টিন ব্যবস্থা রাখাসহ কঠোর স্বাস্থ্যবিধি মানতে উদ্যোগী হতে হবে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ ও গাজীপুরের কারখানাগুলোর শ্রমিকরা বেশি আক্রান্ত— এই তিনটি জোনে সবধরনের যাতায়াত ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’
সভায় পোশাক শিল্প খাত সংস্থার নেতারা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে করোনার এই দুঃসময়ে পোশাক শিল্প কারখানা খোলা রাখার স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে পোশাক খাতের কারখানাগুলো খোলা রাখা যাবে। দেশের মানুষের জীবন ও জীবিকা দুটোই ঠিক রাখতে হবে। তৈরি পোশাক শিল্প খাত দীর্ঘদিন বন্ধ থাকলে আমরা আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবো। অন্যদিকে করোনার এই দুঃসময়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষারও উদ্যোগ নিতে হবে। কাজেই একদিকে দেশের অর্থনীতির চাকাও সচল রাখতে হবে, অন্যদিকে স্বাস্থ্যবিধিও কঠোরভাবে মানতে হবে।’
শিল্প কল-কারখানায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় শিল্প সংগঠনের নেতরা স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সঙ্গে পালনের কথা জানান এবং নির্দেশনাগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পোশাক শিল্প খাতের প্রতিনিধিরা।

