পুলিশের আরও ২৩৯ জন আক্রান্ত, সুস্থ ৮৫
উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ২২:৫৫
গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২৩৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিনে পুলিশ সদস্যদের এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত সব মিলিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা হাজার ছাড়ালো। এর মধ্যে ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে করোনা হানা দেওয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের ১ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন ১ হাজার ২৫০ জন।
মঙ্গলবার (৫ মে) পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, পুলিশ সদস্যদের আক্রান্তের সংখ্যায় পরিসংখ্যানের দিক দিয়ে ঢাকা মহানগর পুলিশের ইউনিটে বেশি এবং সুস্থ হওয়ার সংখ্যাও বেশি এই ইউনিটে। করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যেদের মধ্যে ডিএমপির ২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) আশিক হাসান জানান, সুস্থ হওয়া পুলিশ সদস্যরা কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের বিষয়ে ডিএমপি সদর দফতর সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তিনি আরও জানান, আক্রান্তরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনাভাইরাসের চিকিৎসা গ্রহণ করেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ইন্সপেক্টরসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সিভিল স্টাফ রয়েছেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা বলেন, ‘পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। এসময় অনেকেই আক্রান্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে। যারা সুস্থ হয়েছেন, তারা অচিরেই কাজে যোগদান করবেন।’ তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

