সাধারণ ছুটিতে শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা
উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ২১:৪৭
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সব অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর। অবশ্য এতদিন কাস্টম হাউসগুলো সীমিত আকারে খোলাই ছিল। ১৬ মে পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে এই নতুন নির্দেশনা জারি করা হলো।

এতে শুল্ক ও ভ্যাট বিভাগের আওতাধীন বিভাগ বা দফতর, জেলা-উপজেলা পর্যায়ের কার্যালয়গুলো খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়। এছাড়া, আমদানি-রফতানি নিরবচ্ছিন্ন রাখার জন্য দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হবে।

