বিএনপির রাজনীতি টেলিভিশন নির্ভর: সেতুমন্ত্রী
উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৪:৫৫
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড গণমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে, বিশেষ করে টেলিভিশন। টেলিভিশন না থাকলে তাদের রাজনীতি অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়তো। বস্তুত বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর।’ বুধবার (৬ মে) সকালে সরকারি বাসভবনে এক অনলাইন ব্রিফিং করার সময় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখনও নেতিবাচক রাজনীতির বৃত্তে আটকে আছে। তারা জনগণের প্রতি দায়িত্ব পালন বাদ দিয়ে সরকারের সমালোচনায় মেতেছে।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী । এছাড়া সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

