সাংবাদিকদের পাশে আছি: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৭:০৫
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবসময় সাংবাদিকদের পাশে থাকার কথা বলেছেন। বুধবার (৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে জীবাণুমুক্তকরণ চেম্বার উদ্বোধনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। করোনাভাইরাস মহামারির মধ্যে সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, এপর্যন্ত দেশে প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সবকিছু লকডাউন হলেও গণমাধ্যম খোলা থাকে। বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারর মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমি আমার প্রিয় বন্ধুপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে হারিয়েছি।
সাংবাদিকদের প্রতি গভীর মমতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি সবসময় মন্ত্রী ছিলাম না বা থাকব না। কিন্তু আমি সবসময় সাংবাদিকদের সাথে ছিলাম। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি সকল সাংবাদিকের করোনা পরীক্ষার বিশেষ ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তারা সে ব্যবস্থা করেছে। বিশেষ বুথের জন্যও আমি তাদের তাগাদা দেব।
মন্ত্রী বলেন, দুস্থ সাংবাদিকদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে যথাসম্ভব কিছু করার চেষ্টা করছি। শিগগিরই কিছু করতে পারব বলে আশা করি।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রয়াত নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় করোনাভাইরাসে আক্রান্তদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়।
ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ডিজইনফেকশন চেম্বার প্রদানকারী সংগঠন ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ-এনআইবির নির্বাহী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ও ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী।

