৬৪ জেলাতেই ছড়িয়েছে করোনা
উত্তরদক্ষিণ বুধবার ০৬ মে ২০২০। ১৬:৪৫
দেশের সবশেষ জেলা হিসেবে রাঙামাটিতে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যাদের একজন নয় মাস বয়সী শিশু। এর মধ্যদিয়ে দেশের ৬৪টি জেলাই করোনা আক্রান্ত হলো।
২৯ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলেও বুধবার (৬ মে) চট্টগ্রামে নমুনা পরীক্ষায় ওই জেলায় চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস ইনচার্জ মোস্তফা কামাল।
এতদিন দেশের ৬৩টি জেলায় করোনাভাইরাস শনাক্ত হলেও রাঙামাটিতে কারও দেহে এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।
রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানিয়েছেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ এপ্রিল, আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভবাজার, একজন দেবাশীষ নগর এবং দু’জন সদর হাসপাতাল এলাকার। বুধবার চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় বলে নিশ্চিত করেন তিনি।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হবে এবং যেহেতু ২৯ তারিখ তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা আবারও সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

