৫০৫৪ নার্স নিয়োগ দিয়েছে সরকার
উত্তরদক্ষিণ শুক্রবার ০৮ মে ২০২০। ১০:৩৫
কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালগুলোতে সিনিয়র স্টাফ নার্স হিসেবে পদায়নের জন্য ৫ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে আগামী ১৩ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নিয়োগের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৫ এপ্রিল করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর ২ হাজার চিকিৎসক এবং ৬ হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে আজ এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হল। আগামী ১২ মে’র মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৮ সালের নার্স নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে সিনিয়র স্টাফ নার্স পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর দশম গ্রেডে ১৬ হাজার টাকা-৩৮৬৪০ বেতনক্রমে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।
নার্সদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্তও দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এসব শর্তের মধ্যে রয়েছে-
সাময়িক নিয়োগের পর স্বাস্থ্য পরীক্ষা হবে। তাতে অনুত্তীর্ণ হলে বা সে পরীক্ষায় অনুপস্থিত থাকলে নিয়োগ বাতিল হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক দাখিল করা প্রতিবেদন সন্তোষজন না হলে প্রার্থিতা বাতিল হবে। সাময়িক নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছরকাল শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। সরকার চাইলে শিক্ষানবিশকাল আরও বাড়াতে পারে। শিক্ষানবিশকালে কোনো কারণে চাকরিতে অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই ও পিএসসির পরামর্শ ব্যতিরেকেই তাকে অপসারণ করতে পারবে। ১৩ মে তারিখের মধ্যে কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে প্রার্থী এ চাকরিতে সম্মত নন। তার সাময়িক নিয়োগও তখন বাতিল হয়ে যাবে। সূত্র: বিডিনিউজ।

