আমেরিকায় বেকার ২.০৫ কোটি শ্রমিক!

আমেরিকায় বেকার ২.০৫ কোটি শ্রমিক!

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৩:৫০

নভেল করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে আমেরিকায় বেকারত্বের হার বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেয়া লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের কারণে দেশটিতে এপ্রিলেই ২ কোটি ৫ লাখ লোক চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

১৯৩০ সালের মহামন্দার পর আমেরিকায় বেকারত্বের হার কখনোই এত বেশি দেখা যায়নি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কয়েক দশকের মধ্যে দেশটির প্রবৃদ্ধি এবং পণ্য উৎপাদন ও বিক্রির হারেও ধ্বস নেমেছে। অথচ দুই মাস আগে বিশ্বের শীর্ষ অর্থনীতির এ দেশটিতে বেকারত্বের হার ছিল ৫০ বছরের মধ্যে সবচেয়ে কম, মাত্র ৩.৫%।

‘এটা ঐতিহাসিকভাবেই অভূতপূর্ব ঘটনা। মহামারীর কবল থেকে সেরে ওঠার লক্ষ্যে আমরা আমাদের অর্থনীতিকে কোমায় পাঠিয়েছিলাম। এ কারণেই এ তীব্র বেকারত্বের দেখা মিলেছে,’ বলেছেন কর্নওয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের সাবেক প্রধান অর্থনীতিবিদ এরিকা গ্রোশেন। দেশটির শ্রম মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনেও মার্কিন অর্থনীতির সব খাতেই নিম্নমুখী ধারা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে আমেরিকায় চাকরি হারানো লোকের সংখ্যা ১৪ দশমিক ৭ শতাংশের বেশি হতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে। চাকরি হারানো ব্যক্তিদের মধ্যে তিন-চতুর্থাংশের বেশি পরে চাকরি ফিরে পাবেন বলে মনে করছে মার্কিন শ্রম মন্ত্রণালয়।

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে দুই কোটির বেশি লোকের চাকরি হারানোকে ‘প্রত্যাশিত, আশ্চর্যজনক নয়’ বলে অভিহিত করেছেন। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading