কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিব গৌতমের মৃত্যু

কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিব গৌতমের মৃত্যু

উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৯:০০

করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে কিডনির জটিলতায় অসুস্থ অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরতে হয়েছে তার পরিবারকে। অন্য কোনো হাসপাতালে না পেরে শেষে গত বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সরকারি কর্মকর্তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ মে) বেলা ১২টার দিকে গৌতম আইচের মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন তার মেয়ে সুস্মিতা আইচ, যিনি নিজেও একজন চিকিৎসক।

সুস্মিতা বলেন, কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল। কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হলো না। তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না!

যে ৩৩৩ হটলাইন নম্বর থেকে সরকার স্বাস্থ্য সেবা দিচ্ছে, সেখানে দায়িত্ব পালন করছেন ডা. সুম্মিতা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবা কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা জানার চেষ্টাও হাসপাতাল কর্তৃপক্ষ করেনি বলে সুস্মিতার অভিযোগ।

জানা গেছে, গৌতম আইচ দীর্ঘ দিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। সুস্মিতা বলেন, বাবার কিডনির সমস্যা ছিল, নিয়মিত ডায়ালাইসিস পেত। ডায়ালাইসিসের সময় প্রায়ই হঠাৎ করে প্রেসার বেড়ে যেত, শ্বাসকষ্ট হত, লাংসে পানি চলে আসত। আইসিইউ সাপোর্ট হলে ঠিকও হয়ে যেত।

গত বৃহস্পতিবার ল্যাবএইড হাসপাতালে অতিরিক্ত সচিব গৌতমের ডায়ালাইসিসের সময় প্রেসার বাড়ার পাশাপাশি শ্বাসকষ্ট শুরু হলে ল্যাবএইডের ইমার্জেন্সি থেকে চিকিৎসক মেয়ে সুস্মিতাকে ফোন করা হয়। তিনি বলেন, আমি বাবাকে ল্যাবএইডে ভর্তি করাতে বলি। তখন তারা বলে, তাদের কনসালটেন্ট নেই, ভর্তি রাখতে পারবে না। তারা জানায়, ল্যাবএইডে তারা আইসিইউ সাপোর্ট দিতে পারবে না। তাই প্রেসার কমানোর ওষুধ দিয়ে বাসায় নিয়ে যেতে বলে। ল্যাবএইডে তিনি নিয়মিত যে ডাক্তারকে দেখান তিনিও সেদিন ছুটিতে ছিলেন। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading