যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ২২ নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ মঙ্গলবার ১২ মে ২০২০। ১৮:১০
একাত্তরের যুদ্ধাপরাধ বিচারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যত অবরুদ্ধ দশায় পড়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, ব্যারাকে ফোর্স ছিল ৮১ জন। সেখান থেকে পর্যায়ক্রমে ২২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ১৩ জন কোয়ারেন্টিনে আছে। ফলে ট্রাইব্যুনাল কার্যত অবরুদ্ধ অবস্থায় আছে। এক্ষেত্রে করণীয় নির্ধারণে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমকে এসব তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তিনি বলেন, “গত পরশু ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্য এবং ট্রাইব্যুনালের কর্মকর্তাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল (১৩ মে) প্রসিকিউটর, তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় মিলে আরেকটা ভিডিও কনফারেন্স করব। কীভাবে ট্রাইব্যুনাল প্রাঙ্গণকে ভাইরাসমুক্ত করা যায়, সেই আলোচনা হবে।
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সরকার অফিস-আদালত বন্ধের ঘোষণা দিলে ২৫ মার্চ শেষ অফিস করেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুলের কর্মীরা। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, এপিবিএন এবং এসবি’র ৮১ জন সদস্য ট্রাইব্যুনালের সীমানার ভেতরে দুটি ব্যারাকে থেকে যান। সেখান থেকে ২২ জন কভিড-১৯ আক্রান্ত হওয়ার বর্তমানে ১৮-১৯ জনকে দায়িত্বে রেখে বাকিদের প্রত্যাহার করা হয়েছে।
প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, এর ফলে ট্রাইব্যুনালের নিরাপত্তা ও আমাদের সুরক্ষা দুটোই এখন ঝুঁকিপূর্ণ। যে ১৮-১৯ জন ফোর্স আছে, তারা আবার ব্যারাকেই কোয়ারেন্টিনে আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অফিসিয়ালি লকডাউন ঘোষণা না করলেও ট্রাইব্যুনাল কার্যত লকডাউন হয়ে গেছে। ভেতরের কেউ বের হচ্ছে না, বাইরে থেকেও কেউ যাচ্ছে না। প্রত্যেকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই ট্রাইব্যুনালের কার্যক্রম নিশ্চিত করতে হবে।
ট্রাইব্যুনালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন এর এক সদস্যের শরীরে গত ২৪ এপ্রিল প্রথম সংক্রমণ ধরা পড়ে। ২৭ এপ্রিল আরও দুজনের পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর ২৯ এপ্রিল আক্রান্ত হন আরও ৩ জন। এরপর তা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।
করোনাভাইরাস সঙ্কটে বিচার কার্যক্রম চালু রাখতে সরকার ইতোমধ্যে অধ্যাদেশ জারি করে ভার্চুয়াল কোর্ট চালুর সুযোগ তৈরি করেছে। তবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ভার্চুয়াল কোর্ট চালুর বিষয়ে কোনো ঘোষণা এখনও আসেনি। তথ্য সহায়তা বিডিনিউজ।

