আবারও পেছাল টিএফআই সেলে গুম মামলার সাক্ষ্যগ্রহণ

আবারও পেছাল টিএফআই সেলে গুম মামলার সাক্ষ্যগ্রহণ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ জুন, ২০২৬, আপডেট ১৫:৫৩

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে নির্ধারিত সাক্ষ্যগ্রহণ হয়নি। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামিপক্ষে সময় চেয়ে ট্রাইব্যুনালে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান। শুনানিতে তিনি বলেন, এ মামলায় গুরুত্বপূর্ণ কয়েকজনের পক্ষে আইনি লড়াই করেছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো। কিন্তু তার মৃত্যু হওয়ায় অন্য আইনজীবী নিয়োগ দেবেন আসামিরা। এজন্য আমাদের দীর্ঘ সময় প্রয়োজন। এছাড়া অসুস্থতার কারণে আরেক আইনজীবী তবারক হোসেনের পক্ষেও সময় প্রার্থনা করা হয়।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলেন, আজ আমাদের সাক্ষী উপস্থিত হয়েছেন। তার জবানবন্দি শেষে আসামিপক্ষ চাইলেই জেরা চলমান রাখতে পারেন। এজন্য এক-দুদিন সময় নিলে আমাদের জন্য ভালো হয়।

উভয়পক্ষের শুনানি শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এদিন পাঁচ নম্বর সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। গত ৩ জুন এ সাক্ষ্যগ্রহণ হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সেদিনও হয়নি। সবমিলিয়ে দুবার এ তারিখ পেছানো হয়।

এখন পর্যন্ত এ মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি শুরু হয় এ সাক্ষ্যগ্রহণ পর্ব।

বর্তমানে ১৭ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন ১০ জন। তারা হলেন, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

পলাতকরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading