করোনায় ২৫৫৭ পুলিশ আক্রান্ত, মৃত্যু বেড়ে ৯

করোনায় ২৫৫৭ পুলিশ আক্রান্ত, মৃত্যু বেড়ে ৯

উত্তরদক্ষিণ সোমবার ১৮ মে ২০২০। ১৩:৫৫

করোনাভাইরাসে এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৫৭ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। মজিবুর রহমান তালুকদার নামের ৫৬ বছর বয়সী ওই উপ পরিদর্শক পুলিশের বিশেষ শাখার পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন। তাকে নিয়ে কোভিড-১৯ মহামারিতে দেশে এ পর্যন্ত ৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সোমবার (১৮ মে) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয় বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজিটিভ’ আসায় এসআই মজিবুরকে গত ১১ মে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে।

মজিবুর রহমান তালুকদারের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। তার পরিবার বসবাস করে বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন এসআই মজিবুর।

পুলিশ বাহিনীতে এ পর্যন্ত ২ হাজার ৫৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ৩৮১ জন। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading