ঈদের দিন ফুর্তি করতে ঘর থেকে বের হবেন না: আইজিপি
উত্তরদক্ষিণ মঙ্গলবার ১৯ মে ২০২০। ১৬:৪০
করোনাভাইরাসের মহামারির বিস্তৃতির মধ্যে সামাজিক দূরত্বের বিধি নিশ্চিত করতে ঈদের দিনেও দেশবাসীকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান।
আইজিপি বলেন, ঈদের দিন কেউ ফুর্তি করার জন্য ঘর থেকে বের হবেন না। এমনকি বেড়ানোর জন্যও বের হবেন না, ঘরে থাকুন। একটু সতর্কভাবে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
ঈদের জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মানার আহ্বানও জানান পুলিশপ্রধান। বেনজীর বলেন, এবছর ঈদে যে যেখানে অবস্থান করছেন, সেখানে থাকতে সরকার নির্দেশনা দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, মানুষ বিকল্প পথ ধরে চলাচলের চেষ্টা করছে; ফেরিঘাটে ভিড় করছে। তাদের অনুরোধ করব, আপনারা স্বস্থানে ফিরে আসুন। আপনারা দায়িত্বহীনভাবে চলাফেরা করলে আক্রান্ত বেশি হবেন, অন্যকে আক্রান্ত করবেন। তাই এভাবে চলাফেরা বন্ধ ও গ্রামের বাড়িতে যাওয়ার উদ্যোগ না নেওয়ার অনুরোধ জানান তিনি।

