ঘূর্ণিঝড় ‘আম্পানের’ পর টর্নেডোর আঘাতে নওগাঁয় ব্যাপক ক্ষয়ক্ষতি
উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৬ মে ২০২০। ১০:১৯
ঘূর্ণিঝড় ‘আম্পানের’ পর টর্নেডোর আঘাতে নওগাঁয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কা কাটিয়ে এক সপ্তাহ না যেতেই এক টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নওগাঁর চার উপজেলায়।
গতকাল (সোমবার) রাতে মাত্র কয়েক মিনিটে টর্নেডোর আঘাতে নওগাঁ জেলার পোরশা, নিয়ামতপুর, মান্দা ও বদলগাছি উপজেলায় শতাধিক ঘরবাড়ি এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে, কয়েকটি বৈদুতিক খুঁটি ও অসংখ্য গাছপালা ভেঙে গেছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঝড়ে জেলায় আমেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পোরশায় ১০ হাজার হেক্টর আম বাগানের ৩ থেকে ৫ শতাংশ আম ঝড়ে নষ্ট হয়েছে।
এ জেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আম গাছ রয়েছে। প্রতি বছর প্রায় ৩ লাখ মেট্রিক টন আমের ফলন হ্যে থাকে। এবার বিরূপ আবহাওয়ার কারণে গাছে মুকুল কম আসা, কয়েক দফা ঝড়ে আম পড়ে যাওয়া এবং করোনা দুর্যোগের কারণে দুশ্চিন্তায় পড়েছেন জেলার আমচাষি ও বাগান মালিকরা।
স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ ও তালিকা করার উদ্যোগ নিয়েছেন।

