দুই নেত্রী খোঁজ নিয়েছেন, ‘সৌভাগ্যবান’ ডা. জাফরুল্লাহ
উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১৯:৩২
ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেকে ‘সৌভাগ্যবান’ করোনা রোগী হিসেবে মনে করেন। কারণ, করোনা বা কভিড-১৯ আক্রান্ত হওয়ার পর তার ‘খোঁজ নিয়েছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে আমিই একমাত্র সৌভাগ্যবান রোগী, যার খোঁজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কেবিন প্রস্তুত করে দিয়েছেন আমার জন্য। আমার খোঁজ নিয়েছেন। একইদিনে দুই-এক ঘণ্টার ব্যবধানে খালেদা জিয়াও ফল পাঠিয়েছেন। দু’জনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’
একটি অনলাইন নিউজ পোর্টালকে বুধবার বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও গত রবিবার করোনা শনাক্ত হওয়ার পর বুধবার তার শরীর উন্নতির দিকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া তার খোঁজ নেন বলে জানান তিনি।
মঙ্গলবার (২৬ মে) ডায়ালাইসিস করিয়েছেন জানিয়ে তিনি বলেন, বিশেষ ব্যবস্থায় সামাজিক দূরত্ব মেনে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মঙ্গলবার ডায়ালাইসিস করিয়েছেন। এই চিকিৎসা তাকে নিয়মিত নিতে হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সাধারণ মানুষের এত ভালোবাসা, এটাই আমার শক্তি। আমার উন্নতি হচ্ছে, আমার ধারণা। আমার জন্য অনেকে দোয়া করেছেন, নামাজ পড়েছেন। আমি এই ভালোসার কারণেই টিকে আছি। আমি যেন সামগ্রিকভাবে কাজগুলো করতে পারি, দেশবাসীর কাছে সেই দোয়া চাই।’ সূত্র: বাংলা ট্রিবিউন।

