পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫৪৪, মৃত্যু ১৫, সুস্থ ১৫৬৩
উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৭:১৫
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৪ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৩ জন। শুক্রবার (২৯ মে) পুলিশ সদরদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের ১ হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া বেশির ভাগই কাজে যোগ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশপ্রধান বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীতে একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে কোভিড-১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে। ওই দুই হাসপাতালে ২৫০ করে মোট ৫০০ বিছানা রয়েছে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

