একুশে পদক জয়ী সুজেয় শ্যাম করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৮:০০
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর নমুনা পরীক্ষায় একাত্তরের কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামের করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে। এ সুরকার ও সংগীত পরিচালককে শনিবার (৩০ মে) রাতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩১ মে) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রেজা গণমাধ্যমকে বলেন, নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসার পরই তাকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি ভালো।
এর আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে কু্র্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুজেয় শ্যামকে। পরদিন বুধবার বিকালে তার নমুনা সংগ্রহের পর তাকে বাসায় নেওয়া হয়। রিপোর্ট ‘পজিটিভ’ আসায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর ধরে মূত্রনালীর ক্যানসারে ভুগছেন এই সুরকার ও সংগীত পরিচালক। ১৯৪৬ সালে সিলেটে জন্ম নেওয়া সুজেয় শ্যামকে সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক দেওয়া হয়। তার আগে ২০১৫ সালে শিল্পকলা পদক পান তিনি।
গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান চট্টগ্রাম বেতারে কর্মজীবন শুরু হয় সুজেয় শ্যামের। পরে তিনি ঢাকা বেতারে যোগ দেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থাকাকালে মোট নয়টি গানে সুর করেছিলেন সুজেয় শ্যাম, যেগুলো একাত্তরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত গাওয়া হয়েছিল।

