১০ জুন ‘সীমিতভাবে’ বাজেট অধিবেশন শুরু, থাকবে না প্রশ্নোত্তর
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৯:১০
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কেবলমাত্র দিনের কার্যক্রমে অপরিহার্য আইনপ্রণেতাদের নিয়েই এবারের বাজেট অধিবেশন চালানোর পরিকল্পনা করছে জাতীয় সংসদ। তাছাড়া মহামারীর কারণে দুই মাসের বেশি সময় ছুটি থাকায় মন্ত্রণালয়গুলো থেকে সংসদ সদস্যদের করা প্রশ্নের উত্তর করা সম্ভব হবে না বলে এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও থাকছে না।
১০ জুন বিকেল ৫টায় বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এই সংসদের সদস্য ঢাকা-৫ আসনের হাবিবুর রহমান মোল্লা সম্প্রতি মারা গেছেন। তাই রেওয়াজ অনুযায়ী ওই দিন অধিবেশন শুরুর পরই মুলতবি হবে। পরদিন বিকাল ৩টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা অধিবেশন চলবে।
রবিবার (৩১ মে) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অধিবেশনে বয়স্ক সংসদ সদস্যদের অংশ না নিতে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে যাতে বসতে পারে সেজন্য ৮০-৯০ জন এমপি নিয়ে প্রতিদিন সংসদ চালানো হবে। বিধি অনুযায়ী ৩৫০ সংসদ সদস্যের মধ্যে সংসদে বৈঠকের কোরামের জন্য ৬০ জনের উপস্থিতি বাধ্যতামূলক।
সরকারি দলের এক হুইপ বলেন, মন্ত্রী-এমপিদের মধ্যে যার যেদিন সুনির্দিষ্ট বিষয়ে কার্যক্রম থাকবে সেদিন তার উপস্থিতি নিশ্চিত করা হবে। অন্যদের নিরুৎসাহিত করা হবে। তবে এ বিষয়ে প্রতিদিন অংশগ্রহণকারী সংসদ সদস্যদের তালিকা প্রণয়নসহ সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে ১ জুনের পর সব হুইপকে নিয়ে প্রধান হুইপ বৈঠকে বসবেন বলে তিনি জানান।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সাধারণ ছুটি বাতিল হলেও এই অধিবেশন যথা সম্ভব সংক্ষিপ্ত হবে বলে স্পিকার জানান। তিনি বলেন, বাজেট সংক্রান্ত কাজের বাইরে কিছু করা হবে না। তাছাড়া এই অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও থাকছে না।
সংবিধানে ৩০ জুনের আগে বাজেট পাস করার বাধ্যবাধকতা রয়েছে। কার্যপ্রণালি বিধিতে প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদ সদসদের আলোচনা করার নির্দেশনাও রয়েছে। বাজেট পাসের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি অনুযায়ী সব ধাপ অনুসরণ করা হবে। এক্ষেত্রে সংক্ষিপ্ত করার কোনও পরিকল্পনা নেই। সূত্র: বিডিনিউজ।

