সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মাদ নাসিম করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ২৩:৫৮
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোহম্মাদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান, জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে সোমবার (০১ জুন) দুপুরে নাসিমকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।
রাতে পাওয়া ওই পরীক্ষার টেস্টের ফলে ‘পজিটিভ’ ধরা পড়ে।
মোহম্মাদ নাসিমকে সিএমএইচে নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে রেখেছেন। মঙ্গলবার (০২ জুন) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
দলীয় একটি সূত্রে জানা যায়, কয়েকদিন নাসিমের স্ত্রী এবং বাসার একজন পরিচারিকার করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। এরপর মোহম্মাদ নাসিমেরও একবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। তখন টেস্টের ফল ‘নেগেটিভ’ এসেছিল বলে জানা যায়।
জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা।
বর্তমানে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

