রেড-গ্রিন-ইয়োলো তিন জোনে ভাগ করা হচ্ছে সারাদেশ
উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ০০:৫১
করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের হার, সংক্রমণের ব্যাপকতা ও মৃত্যুর হার অনুযায়ী সারা দেশকে লাল (রেড), সবুজ (গ্রিন) ও হলুদ (ইয়োলো) -এই তিন জোনে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দুই মাসের সাধারণ ছুটি (লকডাউন) শেষে অফিস আদালত খুলে দেওয়ার পর ফের ভাইরাস সংক্রমণ আটকাতে নতুন পরিকল্পনার অংশ হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিকল্পনার আওতায় সারা দেশকে , ও জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন।
লকডাউনের পর সীমিত পরিসরে অফিস খোলার দ্বিতীয় দিন সোমবার (০১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার অনুযায়ী সারা দেশকে রেড, গ্রিন ও ইয়োলো জোনে ভাগ করা হবে।
তিনি বলেন, “আমাদের বিশেষজ্ঞ টিম নিয়ে গত পরশু দিন (৩০ মে) প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। সেখানে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত এ বিষয়ে আলাপ হয়েছে। প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন সে পরামর্শ অনুযায়ী আমরা আজ বসলাম।
“আমরা একটা প্ল্যান তৈরি করব। প্ল্যান নীতিগতভাবে এখানে (সভায়) আলোচনা হয়ে গেছে। আমরা এখন সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে দেব। তখন মেয়র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমরাও (স্বাস্থ্য) থাকব। সবাই মিলে বাস্তবায়ন করার চেষ্টা করব।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখনও জোন করা হয়নি। যখন করা হবে তখন জানতে পারবেন। ঢাকা, নারায়াণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। যদি কোনো জোন রেড হয়ে থাকে সেগুলোকে রেড করা হবে।
তিনি বলেন, আমাদের পরিকল্পনা এখন পর্যন্ত এটাই। এখন বিশেষজ্ঞরা তারা কীভাবে বাস্তবায়ন করবে বা জোনিং করবে সেটা তারা জানে।
“বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলা এখনও অনেকাংশে ভালো আছে। আমরা সেটা ভালো রাখতে চাই। ভালো রাখার জন্য আজকে এই সভা।”
এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে কি না প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “জোনিংয়ের মাধ্যমেই সব করা হবে। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রমিত হবে; ছোট্ট এলাকা, ঢাকার ভেতরে… ধরেন একটা ছোট্ট এলাকা-সেখানে হয়ত একটি এলাকাকে বলব যে, এই এলাকা বন্ধ থাকবে এই কয় দিনের জন্য। এভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দেবে, সেই অনুযায়ী আমরা কাজ করব।”
বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্বজামান খান কামাল বলেন, “সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষার হারও বাড়ছে। আজকে সেজন্য কয়েকটা জোন মার্কিং করছি। যেমন, রেড, গ্রিন ও ইয়োলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এই জোনগুলোর মধ্যে রেড জোনকে কীভাবে গ্রিন জোন করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কিছু প্রস্তাবনা দেবেন। সেই প্রস্তাবনা আমরা খব শিগগিরই বাস্তবায়ন করব। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে একটি নির্দেশনা দিয়েছেন যে, ২৫ শতাংশ কর্মকর্তার বেশি কেউ যেন একসাথে অফিসে না আসেন বা পর্যায়ক্রমে তারা যাতে অফিসে আসেন।

