চাটমোহরে দুই কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা
উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৮:৩২
পাবনার চাটমোহরে দুই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার সকালে উপজেলার ছাইকোলা গ্রামে উপজেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জীবন প্রায় ২০ জন নেতাকর্মী নিয়ে দুই কৃষকের তিন বিঘা জমির ধান কেটে ঘরে পৌঁছে দেন।
বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ছাইকোলা গ্রামের দরিদ্র কৃষক খাইরুল ইসলামের ২ বিঘা এবং রান্টু হোসেনের ১ বিঘা বোরো ধানের ক্ষেতে পানি প্রবেশ করে। শ্রমিক সংকটের কারণে তারা পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন নেতাকর্মীদের সাথে আলোচনা করে ধান কাটার সিদ্ধান্ত নেন। পরে বুধবার সকালে তারা ওই দুই কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেন।
ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন বলেন, আমরাও কৃষকের সন্তান। তাই কৃষকের কষ্টের কথা শুনে ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। আমাদের এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্থ না হন সেজন্য এ কাজ করা হয়েছে। কোনোও কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।
কৃষক খাইরুল ইসলাম ও রান্টু হোসেন বলেন, ক্ষেতে পানি প্রবেশ করায় পাকা ধান নিয়ে খুব চিন্তায় ছিলাম। ধান নষ্ট হতে বসেছিল। অনেক চেষ্টা করেও শ্রমিক না পেয়ে বিষয়টি স্থানীয বাজারে বসে গল্প করার সময় জীবন নামের ওই ছাত্রলীগ নেতা ধান কেটে দেওয়ার কথা বলে। পরে তারা সবাই মিলে ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এতে তাদের উপকার হয়েছে বলে জানান তিনি।

