করোনায় মারা গেলেন প্রয়াত এমপি বাপ্পি’র ভাই অধ্যাপক শওকত
উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । ২১:০৫
আওয়ামী লীগের প্রয়াত ফজিলাতুন নেসা বাপ্পি’র ভাই ঢাকা কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এম শওকত ওসমান করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সোমবার (০৮ জুন) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
করোনা সংক্রমণের পাশাপাশি আরও কিছু শারীরিক জটিলতাও নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ড. শওকত ওসমান চিকিতসাধীন ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সোমবার বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ড. শওকতকে দাফন করা হয়েছে বলে তার ভাই সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সার্জারি বিভাগের চিকিৎসক লে. কর্নেল বাছির আহমেদ জানিয়েছেন।
ড. শওকত ওসমান স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
তিনি আওয়ামী লীগের নারী সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পির বড় ছিলেন।
বাপ্পি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত ২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নমুনা পরীক্ষা করে তার সোয়াইন ফ্লু (সার্স) সংক্রমণ ধরা পড়েছিল যেটা করোনা গোত্রের একটি ভাইরাস।

