রানা প্লাজার মালিকের জামিন স্থগিত করেছেন হাইকোর্ট

রানা প্লাজার মালিকের জামিন স্থগিত করেছেন হাইকোর্ট
রানা প্লাজা । মালিক সোহেল রানা

উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । আপডেট ২১:৩২

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাভারের আলোচিত রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ দুদকের পক্ষে ভার্চুয়াল শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এটর্নি জেনারেল কাজী শামসুন নাহার কনা। আর সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলমগীর হোসেন ও মো. কায়সার জাহিদ।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গত ১৭ মে ঢাকার বিশেষ জজ আদালত সোহেল রানাকে জামিন দিয়েছিল। সেই জামিনটি বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আজ হাইকোর্ট আবেদনটির শুনানি নিয়ে রানার জামিন স্থগিত করেছেন। হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ দেয়া হয়েছে জানান তিনি।

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাভার মডেল থানার মামলা করেন দুদকের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। সে মামলায় দুই কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় সোহেল রানার বিরুদ্ধে।

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ’র বেশি পোশাক শ্রমিক নিহত হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading